
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 June 2024 08:39
দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিট, কসবার শপিং মলের পর এবার গার্স্টিন প্লেস! ফের ভয়াবহ আগুন শহর কলকাতায়।
শনিবার ভোর চারটে নাগাদ ব্যাঙ্কশাল কোর্টের পিছনের একটি পুরনো বহুতলে আগুন লাগে। খবর পেয়ে দু'দফায় দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনকে কেন্দ্র করে সাতসকালে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
সূত্রের খবর, পুরনো ওই বহুতলের তিনতলা আগুনে পুড়ে গিয়েছে। আগুন ছড়িয়েছে বহুতলের চারতলাতেও। বাড়িটি পুরনো হওয়ায় বহুতলের একাংশ ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসির শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোর রাতে ওই বহুতলে সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছিল। তারওপর বহুতলে মজুত ছিল প্রচুর পরিমাণ দাহ্য পদার্থও। যার জেরে আগুন দ্রুত ভয়াবহ আকার নিয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, যে বহুতলটিতে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে সেটি প্রায় ১০০ বছরের পুরনো। অফিসের জন্যই তিনতলাটি ভাড়া দেওয়া হয়েছিল। ফলে গভীর রাতে বা ভোরের দিকে ফাঁকা অফিসে কেনই বা এসি চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের কর্তারা।
কয়েকদিন আগেই জলদাপাড়ায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল হলং বনবাংলো। বর্ষার কারণে ১৫ জুন থেকে হলং বনবাংলো বন্ধ থাকে। পর্যটকহীন বাংলোয় কী কারণে এসি চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
সাত সকালে বহুতলের ওপর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁরাই অন্যদের খবর দেন। ততক্ষণে ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশেপাশের বাড়ি। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। ওই বহুতলে থাকা বেশ কিছু পরিবারকেও বাইরে নিয়ে আসেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ই়ঞ্জিন। আগুন ক্রমে ভয়াবহ আকার নেওয়ায় আনা হয় দমকলের আরও দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা খবর পাওয়ার প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে আসায় স্থানীয় মানুষজনের একাংশ তাঁদের ঘিরে বিক্ষোভও দেখান।
বাড়িটি পুরনো হওয়ায় এবং আগুনে তিন তলা প্রায় ভস্মীভূত হয়ে যাওয়ায় বহুতলের একাংশ ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বাসিন্দাদের সরানো হয়েছে।