ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 20 December 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ার গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বহুতলের পাশের ঝুপড়িতে আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।
বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। এলাকা বড্ড ঘিঞ্জি, যে কারণে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ঝুপড়িতে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
তারা জানাচ্ছে, দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই বিপদ এড়াতে আশেপাশের বহুতল ফাঁকা করে দেওয়ার কাজ শুরু হয়েছে। দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি।
স্থানীয়রা জানাচ্ছে, একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ঝুপড়িতে থাকা সিলিন্ডা ফাটার আশঙ্কা করা হচ্ছে। অনেকেই জানাচ্ছেন, ঘটনাস্থলে শিশুরাও আটকে থাকতে পারে। প্রায় ২০০-র ওপর ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে অলে জানিয়েছেন স্থানীয়রা। কীভাবে এই বিধ্বংসী আগুন লাগল তা এখনও জানা যায়নি।
প্রথমে ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন গেলেও পরে আরও ১০টি দমকলকে খবর দেওয়া হয়। সময় মতো ঘটনাস্থলে না আসায় প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ছোড়া হয় ইট-পাটকেল। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।