.jpeg)
ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 21 December 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টার ব্য়বধানে কলকাতার দুটি তল্লাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাৎপর্যপূর্ণভাবে দুটি অগ্নিকাণ্ডই ঘটেছে ঝুপড়ি এলাকায়।
শুক্রবার তপসিয়ার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সন্ধেয় সেই ছবিটাই ফিরেছে নিউ আলিপুরের ঝুপড়িতে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন রয়েছে। অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে শিয়ালদহ-বজবজ লাইনের ট্রেন চলাচলেও।
রাত সওয়া ন'টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজের তদারকি করছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ দেবাশিস কুমার। একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফিরহাদ।
ফিরহাদের কথায়, "পর পর ঝুপড়িতেই কেন আগুন লাগছে? এর পিছনে নিশ্চয়ই কিছু রয়েছে, সেটা আমাদের দেখতে হবে।"
তবে কি অন্তর্ঘাতের আশঙ্কা করছেন কলকাতার মেয়র? ফিরহাদ বলেন, "এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে কিছু একটা তো আছে। নিশ্চয়ই শীতের হাত থেকে বাঁচতে মানুষ কিছু একটা করছে। সেটা আমাদের দেখতে হবে>"
বি পি পোদ্দার হাসপাতালের কাছের এক ঝুপড়িতে এদিন সন্ধেয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিম্নচাপের জেরে হাওয়ার গতি থাকায় মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে একে একে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। কাছেই আর্মি ক্যাম্প থাকায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সেনারাও। ঝুপড়িটি ছিল সেনার জায়গায়। ফিরহাদের কথায়, বেআইনি ভাবে অনেকে থাকেন। কত পরিবার থাকেন তা আমাদের জানা নেই। তবে সকলকে রাতে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের সময় ঝুপড়ি থেকে সকলেই বেরিয়ে এসেছিলেন। ফলে হতাহতের তেমন কোনও খবর নেই।