
ফাইল ছবি
শেষ আপডেট: 20 April 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: আরামের দিন শেষ! ফের গরমে পুড়বে রাজ্যের অধিকাংশ জেলা। বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে নেই বললেই চলে। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। তবে নতুন সপ্তাহে একটি জেলায় বৃষ্টি হতে পারে।
আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাসতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া। বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বাকি জেলাগুলিতেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে তার সম্ভাবনা খুবই কম। রবিবার মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়-বৃষ্টি কমে যাবে একেবারে। আবহাওয়া শুষ্ক হতে থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং রোদের তীব্রতা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এবং তাপমাত্রা ও অস্বস্তিও বাড়বে। মঙ্গলবার থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। বুধ ও বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯১ শতাংশের মধ্যে।
উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। একই অবস্থা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডেও হতে পারে। উত্তরপ্রদেশ, সিকিম, উত্তরবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছত্তীশগড়, বিহার, ওড়িশা, কেরল, মাহে, তেলঙ্গানা ও কর্ণাটকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় এই গতি ৩০ থেকে ৪০ কিমির মধ্যে থাকবে। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কারাইকালে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশে তাপপ্রবাহ দেখা দিতে পারে। গুজরাতে ২০ থেকে ৩০ কিমি বেগে ধুলিঝড় হতে পারে। পশ্চিম উত্তরপ্রদেশে গরম বাড়বে।