
ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 6 December 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: জল পরিষেবায় বিঘ্ন ঘটবে। কোনও কোনও অঞ্চলে জল পাওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হল। কারণ হিসেবে বলা হচ্ছে টালার ট্যাঙ্ক মেরামত করা হবে।
শুক্রবার কলকাতা পুরসভার দফতরে দীর্ঘক্ষণ বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই বলা হয়, আগামী ১৪ তারিখ সকালে টালা ট্যাঙ্কের মেরামতি করার জন্য এক বেলা জল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসংস্থা।
মেরামতির জন্য উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মেয়র জানান, '১৫ তারিখ সন্ধ্যাবেলা জল বন্ধ থাকবে। ফলে উত্তর কলকাতা, উত্তর মধ্য কলকাতা এবং সল্টলেকের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাহত হবে জল পরিষেবা।
ঐতিহাসিক টালা ট্যাঙ্ক। যে মজবুত ইস্পাতে টাইটানিক জাহাজ গড়া হয়েছিল, তাতেই তৈরি এশিয়ার বৃহত্তম জলের ট্যাঙ্কের বিপুলায়তন শরীর। ব্রিটিশ আমল থেকেই টালার ট্যাঙ্ক মহানগরীর জলের ভাণ্ডার।
টানা ১০০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কলকাতার মানুষকে পরিশুদ্ধ খাবার জল সরবরাহ করে এক অনন্য নজির স্থাপন করেছে টালা ট্যাঙ্ক। বিশ্বের বৃহত্তম এই জলের ট্যাঙ্কটি তৈরি হয়েছে গ্যালভানাইজড লোহার চাদর দিয়ে ।