
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 10 February 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের ফল বেরনোর পর বিজেপি ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের মতো অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গো-হারা হারবে তৃণমূল। কিন্তু খোদ তৃণমূল নেত্রী এই ইস্যুতে মুখ খুলে বলেছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন তাঁরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে তাঁকে কটাক্ষ করে বলেছেন, সব স্বপ্ন পূরণ হয় না।
সোমবার ছিল রাজ্য বাজেট অধিবেশনের প্রথম দিন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণে শুরু হয়েছে অধিবেশন। যদিও এই বাজেট-ভাষণকে অন্তঃসারশূন্য বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিশাহীন ভাষণ হয়েছে। কোনও বড় ঘোষণাই নেই। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ উঠলে শুভেন্দু বলেন, 'তিনি স্বপ্ন দেখতে পারেন। কিন্তু সব স্বপ্ন পূরণ হবে এমনটা নয়। তিনি নিজের দলের লোক ধরে রাখার চেষ্টা করতে পারেন। স্বপ্ন দেখতে পারেন। কিন্তু বাস্তব খুবই কঠিন।'
তৃণমূল নেত্রীকে নিশানা করে অতীতের কিছু নির্বাচনের কথা মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি উল্লেখ করে তৃণমূলের গোয়ায় লড়ার কথা, ত্রিপুরায় লড়ার কথা। বিজেপি নেতার মন্তব্য, 'সব জায়গায় শূন্য পেয়েছে তৃণমূল। অরবিন্দ কেজরিওয়ালও এক সময়ে বলেছিলেন নরেন্দ্র মোদী নাকি তাঁকে এ জন্মে হারাতে পারবেন না। দিল্লিতে কী হয়েছে সবাই দেখেছে। ওড়িশায় নবীন পট্টনায়েককে অপরাজেয় বলা হত। সেখানের অবস্থাও সকলে জানে। তাই মমতার সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি, আগামী দিনেও তা পূরণ হবে না। জনগণ পূরণ হতে দেবেন না।' এই ইস্যুতে ইন্ডি জোটকে কটাক্ষ করেন বলেন, এই জোটের পিণ্ডি চটকে গেছে।
দিল্লির ফল নিয়ে সরাসরি আপ-কংগ্রেসের কোন্দলকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, "দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হত না। ওদিকে, আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হত না।" একই সঙ্গে তিনি ২৬-এর ভবিষ্যদ্বাণী করে বলেন, "বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে '২৬-এর ভোটে আমরাই ফিরব।" শুভেন্দু অবশ্য বলছেন, ভোট হয় নরেন্দ্র মোদীকে দেখে, উন্নয়ন দেখে। কে কোথায় কার সঙ্গে জোট করল, তা দেখে ফল হয় না।