
শুভেন্দু অধিকারী এবং বিনীত গোয়েল
শেষ আপডেট: 31 August 2024 21:46
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠির মতো জিনিস নিয়ে ঘোরা নিষেধ। এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অর্থাৎ ৬ মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশিকা দেখে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর প্রশ্ন, ''এই নির্দেশিকার আগে কি কলকাতা শহরে বন্দুক, তলোয়ার, বোমা নিয়ে ঘোরা আইনত ছিল?'' তিনি এটাও জানতে চান, ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে কি তারপর থেকে এগুলি নিয়ে ঘোরা যাবে কলকাতায়? শুভেন্দুর খোঁচা, ''এমন অদ্ভুত নির্দেশিকা এর আগে কখনও দেখেনি।'
Haven't seen more weird Notification lately !!! @CPKolkata Mr. Vineet Goyal is
— Suvendu Adhikari (@SuvenduWB) August 31, 2024
prohibiting carrying of swords, spears, bludgeon, guns or other offensive weapons in public place in the Town of Calcutta and adjacent Suburbs for the period of 06(six) months from the 1 st… pic.twitter.com/m3hiTArCax
এই নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, ''বিশাল ভয় পেয়ে গেছে তিনি। তাই এই ধরনের অর্থহীন নির্দেশিকা জারি করাচ্ছেন। আমজনতা রাস্তায় নেমেছে তাই বিচলিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আমি পুলিশ কমিশনারকে বলব এসব না করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের খোঁজ করুন যারা এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরে। এই ধরনের নির্দেশিকা জারি করে মানুষের ক্ষোভ কমানো যাবে না।''
আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনার বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন চলছে সেখানে অনেকবারই নানা ধরনের বিরূপ ঘটনা ঘটেছে। গত ১৪ অগস্ট রাত দখলের কর্মসূচির দিন আরজি করে ভাঙচুর হয়েছে। সম্প্রতি নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে ইট, পাথর মারার অভিযোগ উঠেছে। তাতে জখমও হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এই পরিস্থিতির মধ্যেই এমন এক নির্দেশিকা জারি করেছে পুলিশ।
তবে আচমকা এমন এক নির্দেশিকা কলকাতা পুলিশের তরফে কেন দেওয়া হল তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। যদিও কারও মতে, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে আর কোনওভাবে না ঘটে তা পূর্ণ চেষ্টা করছে পুলিশ।