
শুভেন্দু অধিকারী এবং অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 8 February 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর দিল্লির সিংহাসনে বসতে পেরেছে বিজেপি। দলের এই জয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একদিকে যেমন নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই দিল্লিতে বসবাসকারী বাঙালিদের কৃতজ্ঞতা জানিয়েছেন। কেজরিওয়ালকে শুভেন্দুর কটাক্ষ, 'ফরজিওয়ালের বিদায় হয়েছে।'
দিল্লির গত দুই বিধানসভা নির্বাচনে কার্যত ঝড় তুলেছিল আম আদমি পার্টি। তবে এবার স্বপ্নভঙ্গ হয়েছে কেজরিওয়ালের। বিজেপির কাছে বড় ব্যবধানে হার প্রায় নিশ্চিত হয়ে গেছে তাঁদের। এই নিয়ে আপ সুপ্রিমোকে নিশানা করতে ছাড়লেন না বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, 'ক্ষমতা হারিয়েছেন ফরজিওয়াল। এবার দিল্লির মানুষ ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবে। তাঁদের আর কেউ বঞ্চিত করতে পারবে না।'
রাজধানীতে বসবাসকারী বাঙালির সংখ্যা কম নয়। এই ভোটের ফলাফল নিয়ে তাঁদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, দিল্লিতে বিজেপিকে সমর্থন করার জন্য তাঁদের ধন্যবাদ। বিশ্লেষকরা অনেকে মনে করছেন, আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লির এই ফলে আশা দেখতে শুরু করেছে বিজেপি। তাই সেখানকার বাঙালিদের ধন্যবাদ জানিয়ে শুভেন্দু আদতে পশ্চিমবঙ্গবাসীকেই বিশেষ বার্তা দিতে চাইলেন। হয়তো বোঝাতে চাইলেন, দিল্লি পারলে বাংলা কেন নয়!
Huge Victory for @BJP4Delhi ????
— Suvendu Adhikari (@SuvenduWB) February 8, 2025
I express my heartiest congratulations to Hon'ble Prime Minister Shri @narendramodi Ji for leading from the front and orchestrating this very special victory over "AAP-da".
Now the People of Delhi will receive the benefits of Double Engine Govt in… pic.twitter.com/0cxdSXC3iZ
সর্বশেষ খবর অনুযায়ী, ৫০টি আসনে এগিয়ে গিয়েছে মোদীর বিজেপি। অন্যদিকে, গত ২০২০ সালে ৬২ আসনে জেতা কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র ২০টিতে এগিয়ে রয়েছে। দিল্লির ফল মোটামুটি স্পষ্ট হতেই বিজেপির সদর কার্যালয়ের সামনে শয়ে শয়ে সমর্থকরা এসে গেছেন। ঢাকঢোল, কাড়ানাগাড়া বাজিয়ে নাচ, আতসবাজি পোড়ানো চলছে। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে আকাশ। বিশাল বিশাল পতাকা নিয়ে অফিসের বাইরে কর্মীরা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় স্লোগান দিচ্ছেন।
এই নির্বাচনে সবথেকে বড় পরাজয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। আপের সান্ত্বনা মুখ্যমন্ত্রী আতিশীর জয়। দিল্লির কালকাজি কেন্দ্র থেকে ৩৫০০ ভোটের ব্যবধানে জিতেছেন আতিশী মারলেনা।