
শেষ আপডেট: 17 April 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: ভবানীভবনের পর এবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে রাজভবনে পৌঁছলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। সূত্রের খবর, ঘরছাড়াদের সঙ্গে একান্তে কথা বলেছেন চেয়েছেন সিভি আনন্দ বোস। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। প্রয়োজনে মুর্শিদাবাদ যাবেন বলেও জানিয়েছেন।
ওয়াকফ অশান্তি (Waqf Chaos) নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে। বুধবার রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলতে ঘরছাড়াদের নিয়ে ভবানীভবন গেছিলেন সুকান্ত। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিসি সাউথের সঙ্গে কথা বলেন। পরে রাজীব কুমারের সঙ্গেও দেখা হয়। কথা বলে খুব একটা সন্তুষ্ট নন বলেই জানিয়েছিলেন বিজেপি নেতা।
এদিন সুকান্ত সঙ্গে রাজভবনে এসেছেন তাপস রায় ও রূপা গাঙ্গুলি। রাজ্যপাল ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন গোটা ঘটনা নিয়ে। অভিজ্ঞতার কথা শোনেন এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গেছে।
এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘরছাড়ারা। তাঁরা বার বার জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেও ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এক অন্য লড়াই চলছে তাঁদের।
প্রসঙ্গত, গত শুক্রবার ওয়াকফ নিয়ে অশান্তি বাধে মুর্শিদাবাদে। মৃত্যু হয় তিনজনের। পুলিশের দাবি, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু অনেকেই ভয়ে ধুলিয়ান-সুতি থেকে পালিয়ে যান। তাঁরা প্রত্যেকেই অভিযোগ করেছিলেন, অত্যাচার করে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলেও দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা।
এবার ওই ঘরছাড়াদের নিয়েই বিচার ও নিরাপত্তার দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।