.webp)
সুজয়কৃষ্ণ ভদ্র।
শেষ আপডেট: 26 April 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে ইডি। ইডি সূত্রের দাবি, হোয়াটস অ্যাপ থেকে উদ্ধার হওয়া ওই কণ্ঠস্বর সুজয়কৃষ্ণরই।
এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। শুক্রবার ওই মামলায় রাজ্যকে এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট জমা দিতে বলল আদালত।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছে জামিনের আবেদনের শুনানি। আগামী ১০ মে মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন রাজ্যকে আদালতে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি।
গত বছরের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। দীর্ঘদিন ধরে ইডি হেফাজতে ছিলেন কালীঘাটের কাকু। বর্তমানে এসএসকেএমে রয়েছেন তিনি। তাঁর বাইপাস সার্জারি হয়েছে। বুকে পেসমেকার বসানো আছে। নেফ্রলজি সহ আরও নানাবিধ সমস্যা রয়েছে 'কাকু'র।
আদালতে কাকুর আইনজীবীর বক্তব্য, ইডি তদন্ত, গ্রেফতারি, স্ত্রী বিয়োগ সব মিলিয়ে তার উপর মানসিক চাপ তো রয়েছেই। মানসিক অসুস্থতারও চিকিৎসার প্রয়োজন। এই প্রেক্ষাপটেই জামিন জরুরি। এ ব্যাপারেই এবার রাজ্যের মেডিক্যাল রিপোর্ট চাইল আদালত।