
কালীঘাটের কাকু
শেষ আপডেট: 30 December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: 'কালীঘাটের কাকু' হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। জেল সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্র সোমবার সকালে হঠাৎ জ্ঞান হারান তিনি। জানা যাচ্ছে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তার থেকেই অজ্ঞান হয়ে পড়েন 'কাকু'।
অসুস্থতার কারণে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। সব ঠিক থাকলে ওই দিনই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। 'কালীঘাটের কাকুর' শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হবে বলে খবর। তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আদালত পরবর্তী নির্দেশ দেবে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত 'কালীঘাটের কাকু'। সিবিআই হেফাজতে থাকাকালীনই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় ওষুধও খাচ্ছিলেন না। এখন ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ।
নিয়োগ মামলায় ইডির হাতেও গ্রেফতার হয়েছিলেন 'কাকু'। সেই মামলায় কিছু দিন আগে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার জেলে ফিরে গিয়েছিলেন।
দীর্ঘদিন অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। দীর্ঘ দিন ধরেই অসুস্থ 'কাকু'। প্রেসিডেন্সি জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। এর ফলে তাঁর সিবিআই হেফাজতও পিছিয়ে গিয়েছিল বার বার। ফের তিনি অসুস্থ হয়ে পড়লেন।
ইডি-র প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট চার্জগঠনের সময়সীমা বেঁধে দিয়েছে ৩১ ডিসেম্বর। তার আগের দিনই আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র।