ফাইল ছবি
শেষ আপডেট: 30 December 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মঙ্গলবার বর্ষশেষের আনন্দে সামিল হবেন গোটা রাজ্যের মানুষ। স্বাভাবিকভাবেই কলকাতার বিভিন্ন প্রান্তে যে ভিড় উপচে পড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের বর্ষবরণে যাতে কোনওরকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই এবার বড় ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
বছরের শেষ দিনে রাতে তিন জোড়া মানে মোট ৬টা স্পেশ্যাল ট্রেন চলবে। ব্লু লাইনে এই পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তিনটি অতিরিক্ত মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে কবি সুভাষ পৌঁছবে। অন্যদিকে নিউ গড়িয়া থেকেও তিনটি মেট্রো দক্ষিণেশ্বরে এসে পৌঁছবে। বাকি মেট্রো চলাচলের সূচি অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে।
এছাড়া দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ পর্যন্ত ত়ৃতীয় তথা শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে বলে খবর। তবে এই পরিষেবা মিলবে কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত।
তবে এই পরিষেবার সুযোগ পেতে একমাত্র স্মার্ট কার্ড কিংবা মেশিনের টোকেন নিতে হবে। কারণ তখন সব স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। নতুন প্রজন্মের কাছে এটা সহজ হলেও প্রবীণদের জন্য তা যথেষ্ট চিন্তার। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে বছরের শেষ দিনে শহরবাসীকে স্পেশ্যাল গিফট দিল কলকাতা মেট্রো।