লাইভে এসে পাপ্পুর সরাসরি তোপ, “রাকেশ সিং অজস্র কেসের আসামি, অথচ তাঁকে দুষ্কৃতী বলা হচ্ছে না। কারণ তিনি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সতী হয়ে গিয়েছেন।”
.jpeg.webp)
সোনা পাপ্পু
শেষ আপডেট: 7 April 2026 21:01
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে তল্লাশি চালিয়েও তাঁর নাগাল পায়নি ইডি (ED)। তাঁকে খুঁজে পাচ্ছে না লালবাজারও (Laalbazar)। অথচ মঙ্গলবার ধরাছোঁয়ার বাইরে থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বিস্ফোরক সব অভিযোগ শানালেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু (Sona Pappu)। কসবার এই দাপুটে নেতার দাবি, বিজেপি নেতা রাকেশ সিংয়ের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বন্দর এলাকায় ‘তোলাবাজির’ সাম্রাজ্য চালাচ্ছেন। এমনকি, ইডি-র তল্লাশিতে তাঁর বৃদ্ধ বাবা ও স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
লাইভে এসে পাপ্পুর সরাসরি তোপ, “রাকেশ সিং অজস্র কেসের আসামি, অথচ তাঁকে দুষ্কৃতী বলা হচ্ছে না। কারণ তিনি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সতী হয়ে গিয়েছেন।” তাঁর আরও দাবি, শুভেন্দুর সঙ্গে রাকেশের ‘তোলাবাজির হিস্সা’ সমান সমান বলেই তাঁকে বন্দর এলাকায় প্রার্থী করার তোড়জোড় চলছে। উল্লেখ্য, বন্দর কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও সোমবারই হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন রাকেশ। সেই সূত্র ধরেই পাপ্পুর ইঙ্গিত, এজেন্সিকে ‘কিনে’ বসে আছে বিজেপি (BJP)।
গত বুধবার পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা এবং বিলাসীবহুল গাড়ি উদ্ধার করে ইডি। সেই অভিযানের প্রসঙ্গ টেনে পাপ্পু এ দিন বলেন, “আমার ৮০ বছরের বৃদ্ধ বাবাকে ১৪ ঘণ্টা জল দেওয়া হয়নি, বাথরুমে যেতে দেওয়া হয়নি। আমার স্ত্রীকেও টর্চার করেছে অবাঙালি অফিসারেরা।” তাঁর আরও চাঞ্চল্যকর দাবি, তল্লাশিতে কিছু না পেয়ে ইডি আধিকারিকেরা নিজেরাই অস্ত্র রেখে তাঁর নামে গড়িয়াহাট থানায় মিথ্যে মামলা দিয়েছেন।
পাপ্পু নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কিন্তু অন্য কথা বলছে। ইডি সূত্রের খবর, তোলাবাজি, হুমকি এবং বালিগঞ্জ-কসবা এলাকায় সিন্ডিকেট নিয়ন্ত্রণের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ও এফআইআর রয়েছে পাপ্পুর নামে। রবীন্দ্র সরোবরের একটি গন্ডগোলের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই তিনি পলাতক।
লাইভের শেষে ‘জয় বাংলা’ এবং ‘মমতা-অভিষেক জিন্দাবাদ’ স্লোগান দিয়ে পাপ্পু স্পষ্ট করে দিয়েছেন তাঁর রাজনৈতিক অবস্থান। তিনি সাফ জানিয়েছেন, কোনও ‘অফার’ বা চাপে তাঁর মনোবল ভাঙা যাবে না এবং ৪ মে নির্বাচনের ফলের দিন তিনি আবারও লাইভে আসবেন।