
পুরসভায় সাপ।
শেষ আপডেট: 2 April 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: পুরসভায় ফের দেখা মিলল সাপের। প্রিন্টিং ডিপার্টমেন্টের ঘরে সাপ ঢুকতে দেখা যায়। শেষ পাওয়া খবরে তা এখনও সেখানেই রয়েছে। দরজা বন্ধ করে পরিস্থিতি কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা করছেন পুরসভার কর্মীরা। ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে বন দফতরকে।
প্রসঙ্গত, পুরসভায় সাপের উপদ্রব নতুন নয়। এর আগেও চ্যাপলিন স্কোয়ারের দিকে একটি ব্যলকনিতে এবং তারপর আরেকবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ দেখা দিয়েছিল।
পুরসভা সূত্রে খবর, এদিন দায়িত্বে থাকা কেয়ারটেকার সাতসকালে ঘর ঝাঁট দিতে এসে দেখেন, চেয়ারে একটি সাপ জড়িয়ে-পেঁচিয়ে রয়েছে। তাঁকে দেখামাত্র ফণা তুলে ফোঁস করে ওঠে। এরপর বিপদ বুঝে ওই কেয়ারটেকার বাকিদের ডেকে আনেন৷ তখন নিরাপত্তারক্ষীরা এসে প্রিন্টিং বিভাগের ওই রুম তালাবন্ধ করে দেন। এরপরই খবর পাঠানো হয় বন দফতরে।
দেখুন ভিডিও।
পুরসভায় সাপের উপদ্রব#TheWallNews #kolkatamunicipality #kolkata pic.twitter.com/UFEboj0osx
— The Wall (@TheWallTweets) April 2, 2025
গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার কর্মীদের মধ্যে। আতঙ্কে অনেকেই অফিসে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন।
এক পুরকর্মীর কথায়, "এই প্রথম পুরসভায় সাপ বেরোল এমনটা নয়। এর আগেও বেশ কয়েকবার সাপ বেরিয়েছে। প্রতিবারই পুর কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, এবার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোথায় কী? চাকরি করতে এসে শেষে কি প্রাণটা খোয়াব নাকি?"
ইতিমধ্যে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। চলছে সাপ উদ্ধার পর্ব।