কেন্দ্রের আইনজীবীর দাবি ছিল, এখনও দেশের প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়নি। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ২ হাজার ২১৬.৭০ কিলোমিটার।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 27 January 2026 16:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সীমান্তবর্তী ন’টি জেলায় কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার সীমান্তের (Border Land) জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চের নির্দেশ (Strict Order), ৩১ মার্চের মধ্যেই সংশ্লিষ্ট জমি কেন্দ্রের হাতে তুলে দিতে হবে রাজ্য সরকারকে।
এ দিন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যে সব জমির অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং যার ক্ষতিপূরণের টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে, সেই জমি হস্তান্তরে আর কোনও দেরি চলবে না। মার্চের মধ্যেই—জমি হস্তান্তর করতে হবে। এই ক্ষেত্রে এসআইআর (SIR) প্রক্রিয়ার অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট মন্তব্য করে আদালত।
পাশাপাশি, যে সব জমির অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেই ক্ষেত্রেও জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় বেঞ্চ। আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কি না, সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে আদালত। এই সংক্রান্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, এই মামলার আগের শুনানিতেই দেশের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের কথা আদালতে তুলে ধরেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আইনজীবীর দাবি ছিল, এখনও দেশের প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়নি। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ২ হাজার ২১৬.৭০ কিলোমিটার। কেন্দ্রের অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সীমান্তে ফেন্সিংয়ের কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে।
মঙ্গলবারের শুনানিতে সেই প্রেক্ষিতেই আদালত জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে গড়িমসি বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত জমি হস্তান্তর ও অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করতে হবে।