জানা গিয়েছে, গিরিশ পার্ক থেকে আপ ডাউনে চলাচল করছে। প্রায় আধঘণ্টা আটকে রয়েছে পরিষেবা।

শেষ আপডেট: 31 October 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: এক ঘণ্টা পর ব্লু লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। শুক্রবার দিনের শুরুতেই এমন বিভ্রাটে বিপাকে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা। সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে অফিস টাইমে খানিক থমকাল দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, গিরিশ পার্ক থেকে আপ ডাউনে চলাচল করছিল।
কলকাতা মেট্রোর ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) পরিষেবা ভোর থেকেই ব্যাহত হয়। ভাঙাপথে চলছিল মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছিল, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিত্যযাত্রীদের অভিযোগ, সকাল সাড়ে আটটার পর থেকেই ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ঘোষণা করা হয়, অনিবার্য কারণে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। আপ ও ডাউন, দুই দিকেই ট্রেন বাতিল হয়। যাত্রীদের কামরা খালি করার নির্দেশ দেওয়া হয়।
এরপর আংশিক পরিষেবা চালু হয়। শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে, এবং একই ট্রেন সেখান থেকে ঘুরে আবার শহিদ ক্ষুদিরামে ফিরে আসছে। তবে যাত্রীরা জানাচ্ছেন, এই পরিষেবা খুবই অনিয়মিত এবং নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলছে।
বহু যাত্রীকে বাধ্য হয়ে বাস বা অন্য পথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এক নিত্যযাত্রীর ক্ষোভ, “প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে মেট্রো বন্ধ হয়, বিশেষত ব্লু লাইনে। কবে এই সমস্যা কাটবে জানি না!”
গত এক মাস ধরে ব্লু লাইনে বারবার সমস্যা দেখা দিচ্ছে। কবি সুভাষ স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়ায় সম্প্রতি সেটি বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে প্রান্তিক স্টেশন হয়েছে শহিদ ক্ষুদিরাম। পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি বারবার প্রযুক্তিগত ত্রুটিও যাত্রীদের যাত্রা দুর্বিষহ করে তুলছে, বারবার উঠে আসছে অভিযোগ।