
শেষ আপডেট: 17 October 2023 21:23
দ্য ওয়াল ব্যুরো: একটা সময়ে শিয়ালদহে দু’জন প্রদীপ ঘোষের পুজো বিখ্যাত ছিল। শিয়ালদহ স্টেশনের অদূরে রেল শ্রমিক নেতা প্রদীপ ঘোষের পুজো। এবং লেবুতলা তথা সন্তোষ মিত্র স্কোয়ারে কংগ্রেস কাউন্সিলর প্রদীপ ঘোষের পুজো। শ্রীভূমির পুজো নিয়ে উন্মাদনা তখন মানচিত্রে ছিল না।
সন্তোষ মিত্র স্কোয়ার কোনওদিন পুরস্কারের পরোয়া করেনি। বরং প্রদীপ ঘোষ বলতেন, মানুষের পায়ের ধুলোই আমাদের পুরস্কার। যত বেশি মানুষ মণ্ডপ ও প্রতিমা দেখতে আসবেন, তত বড় আমাদের পুরস্কার।
মঙ্গলবার তৃতীয়ার সন্ধেয় সেই সন্তোষ মিত্র স্কোয়ার কিছুটা হলেও এগিয়ে রইল সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থেকে। পুজোর ট্রফি ঘোষণা করার সময় এখনও আসেনি। পিতৃপক্ষে উদ্বোধন হয়ে গিয়েছে শ্রীভূমির মণ্ডপ ডিজনিল্যাণ্ডের। সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সোমবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তা উদ্বোধন করেছেন। ফলে দশমী পর্যন্ত লম্বা ইনিংস। ব্যাটিংয়ের সুযোগ পাবে দুই মণ্ডপই। কিন্তু তৃতীয়ার সন্ধেয় দৃশ্যত এগিয়ে থাকতে দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ারকে।
শ্রীভূমির মণ্ডপ এবার ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপে দেখা যাচ্ছে ফ্রোজেনের চরিত্রদের। সেই সঙ্গে বড় আকর্ষণ হল মণ্ডপ জুড়ে গোলাপি-নীল আলোর খেলা।
সন্তোষ মিত্র স্কোয়ারে বরাবরই বড় কিছু করার দিকে ঝোঁক। সুক্ষ শিল্প ভাবনার তুলনায় তাঁরা বৃহৎকেই তুলে ধরতে চেয়েছেন। গতবারে টাইটানিকের আদলে মণ্ডপ বানিয়ে তাঁরা সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সেখানে তৈরি হয়েছে রাম মন্দির। পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন বিজেপির কাউন্সিলর তথা নেতা সজল ঘোষ। শুধু থিমের ভাবনায় রাজনীতি মিশে গেছে বলে অনেকের মত। সে যাই হোক, লেবুতলার রাম মন্দির থেকেও ঠিকরে বেরোচ্ছে আলো। সেই আলোও সমান চোখ ধাঁধানো।
অনেকের মতে, শ্রীভূমির মণ্ডপ যেমন পথ চলতি মানুষ গাড়ি বা বাস থেকে দেখতে পাচ্ছেন, তেমনটা সন্তোষ মিত্র স্কোয়ারে সুযোগ নেই ঠিকই। কিন্তু লেবুতলার লোকেশনাল অ্যাডভান্টেজ রয়েছে। তৃতীয়ার সন্ধেয় দেখা গেল বিবাদি বাগ থেকে শিয়ালদহগামী অফিস যাত্রীদের অনেকেই একটু ডিট্যুর করলেন। পুজোর মধ্যে পরিবার নিয়ে হয়তো ফের আসবেন। তার আগে যেন একবার রেইকি করে গেলেন।
ওদিকে শ্রীভূমির পুজো মণ্ডপে এদিন বড় অতিথিকে দেখা গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন গিয়েছিলেন শ্রীভূমির মণ্ডপে। তিনি পুজো মণ্ডপ ঘুরে দেখেন। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পুজো উদ্যোক্তারা। ওদিকে লেবুতলায় বিজেপি নেতাদের ভিড় লেগে রয়েছে। তবে রাজ্যপাল এখনও সেই রাম মন্দির ঘুরে দেখেননি।