
শেষ আপডেট: 12 October 2021 16:58
দেবী দুর্গার মতোই তাদের নানা রূপ, ভূমিকা। কোথাও তিনি স্ত্রী, কোথাও মা, কোথাও বোন, কোথাও প্রতিষ্ঠান কর্মী। সব ভূমিকাতেই তিনি সমান স্বচ্ছন্দ, সাবলীল। তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পায় যে কোনও উদ্যোগ। ঘরে, বাইরে, যে কোনও পরিস্থিতিতে একইসঙ্গে একাধিক কাজ দক্ষতার সঙ্গে সেরে ফেলেন আজকের মেয়েরা। তাদের সেই ভূমিকায় মিশে থাকে দায়িত্ব পালনের বোধ, আবেগ, চূড়ান্ত দায়বদ্ধতা।
এই নৈপুণ্যের স্বীকৃতি, উদযাপন, সংরক্ষণ চাই। নারীশক্তির এই বিজয়কে তুলে ধরতেই সম্প্রতি শহরের গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হল ‘সে আমার দুর্গা’ (she amar durga)। নারীর বহুমুখী দক্ষতা উদযাপনে সৃষ্টিশীলতা, ফটোগ্রাফির মিশেলে আয়োজিত অনুষ্ঠানের মূল ভাবনা শাগুফতা হানাফি ইভেন্টস (সি)-এর। নানা পেশায় সফল মহিলাদের সম্মানিত করা হয় পুরস্কার দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের ছবি ছিল প্রদর্শনীতে, যেমন ডাঃ দীপান্বিতা হাজারি, সঙ্গীতশিল্পী সহজ মা, সাংবাদিক সোমা লাহিড়ী, ফুড ব্লগার সুলেখা ভদ্র প্রমুখ। এছাড়া কৃতী কয়েকজনকে সম্মানিত করা হয়। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, ওড়িশি নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টচার্য, পাটের পুনরুজ্জীবন সংক্রান্ত গবেষক চৈতালি দাশ প্রমুখ।
ছবি প্রদর্শনী ছাড়াও ছিল দেবী দুর্গাকে নিয়ে কবিতা পাঠ। আজকের দুর্গাকে নিয়ে মতামত বিনিময় সেশন, ক্যুইজ। শারদোত্সবের খুশিতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয় যৌনকর্মীদের সন্তানদের হাতে।