
ওসির বিতর্কিত ফেসবুক পোস্ট এবং শতরূপ ঘোষ
শেষ আপডেট: 12 September 2024 15:39
আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে রাত দখল চলছে জায়গায় জায়গায়। ঘটনার তদন্ত নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ, তখনই পাটুলি থানার ওসির ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
তীর্থঙ্কর দে নামে ফেসবুক প্রোফাইল থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হচ্ছে, 'একটা কথা ছিল কমরেড: তোরা যতই রাত জাগিস না কেন... শূন্য ছিলি শূন্যই থাকবি।'
এই পোস্টই শেয়ার করে সিপিএম নেতা শতরূপ ঘোষ ওই ব্যক্তির পরিচয় সামনে আনেন। লেখেন, 'ইনি পাটুলি থানার ওসি'। এই পরিচয় সামনে আসার পরই ফের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
দ্য ওয়ালের তরফে পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের সঙ্গে যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত এক অফিসার জানিয়েছেন 'উনি (ওসি) এ ব্যাপারে কিছু জানেন না। ফোন কোনও ভাবে হ্যাং করেছিল। কোনও ভাবে হয়ে গেছে।'
এর পরই 'দ্য ওয়াল' যোগাযোগ করে শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ বলেন, 'ফোন হ্যাং করে গেলে ফোন কাজ করে না। ফোনটা ভুল পথে কাজ করছে। ফোন হ্যাং করে যায়নি, ওঁর (ওসি) বোধ বুদ্ধি হ্যাং করে গেছিল। যে কাজটা ওঁর গোপনে করার কথা ছিল তা উনি প্রকাশ্যে করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি আমাদের মা' বলা থেকে শুরু করে তৃণমূলের প্রেস কনফারেন্সের লাইভ স্ট্রিমিং শেয়ার, মাসের পর মাস উনি এ ধরনের অনেক কিছুই পোস্ট করে এসেছেন। এখন আবার প্রোফাইল লক করে রেখেছেন। ওসব করে কী হবে? থানার লোকেরাই আমায় পোস্টগুলো পাঠাচ্ছেন। এরকম সব পোস্ট বার করেছি।'
শতরূপ আরও বলেন, 'ওসির ফোন হ্যাং করে গেছে না কী হয়েছে সব আদালতে গিয়ে বলবেন উনি। আমি আদালতে যাচ্ছি।'
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার দেহ সৎকারে পুলিশের তাড়া, তথ্যপ্রমাণ লুকোনোর চেষ্টার মতো অভিযোগ উঠেছিল টালা থানার ওসির বিরুদ্ধে। এবার প্রশ্নের মুখে পাটুলি থানার ওসি।