.webp)
শেষ আপডেট: 22 January 2024 08:19
দ্য ওয়াল ব্যুরো: সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একাধিক মিছিলের আয়োজন করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, এদিন শহর কলকাতায় রাজনৈতিক এবং সামাজিক মিলিয়ে প্রায় ৬০টিরও বেশি মিছিল হওয়ার কথা রয়েছে। স্বভাবতই মিছিলকে ঘিরে যাতে যানজট না তৈরি হয় সেদিকে সতর্ক রয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, প্রতিটি মিছিলের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানাগুলিকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ওই মিছিলের ভিডিওগ্রাফিও করা হতে পারে।
লালবাজারের স্পষ্ট নির্দেশ, কোথাও কোনও মিছিলের জন্য সাধারণ মানুষের যেন সমস্যা না হয়, সেটা দেখতে হবে। আবার মিছিলকে ঘিরে অপ্রীতিকর ঘটনাও যেন না ঘঠে, সেদিকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। সজেন্য এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় নেমেছে বাড়তি পুলিশ বাহিনী।
রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এদিন ভিন্ন ভিন্ন ইস্যুতে শহরে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজরা থেকে পাকসার্কাস ময়দান পর্যন্ত তৃণমূলের সংহতি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কালীঘাট মন্দিরে পূজো দিয়ে তৃণমূল নেত্রী মিছিলে যোগ দেবেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ হাজরা থেকে মিছিল শুরু হওয়ার কথা।
অন্যদিকে সোমবার উত্তর কলকাতার একটি ধর্মীয় সংগঠনের মিছিলে হাঁটার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন সকালে গণেশ টপিক এলাকার বৈকুন্ঠ মন্দির থেকে শুরু হবে ওই ধর্মীয় শোভাযাত্রা। এছাড়াও হাইকোর্টের অনুমতি সাপেক্ষে ধর্মতলার মোড়-সহ কলকাতার একাধিক জায়গায় কয়েকটি রাজনৈতিক, ধর্মীয় সংগঠন এদিন মিছিলের ডাক দিয়েছে।
সব মিলিয়ে সোমবার দিনভর মিছিলে সরগরম থাকবে তিলোত্তমা। হাইকোর্টের অনুমতি সাপেক্ষে কালীঘাটের পাশে রাম পুজোর আয়োজন করেছে বিজেপি। সেখানে বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে।