
নিজস্ব ছবি
শেষ আপডেট: 22 April 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: দাবি না মানলে তাঁরা জায়গা থেকে নড়বেন না। অবস্থানে অনড় থেকেই সোমবার সকাল থেকে এসএসসি ভবন এবং মধ্যশিক্ষা পর্ষদ চত্বরে ধর্না শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা (Jobless Teachers)। সোমবারই এসএসসি-র তরফে (SSC Case) যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু তা হয়নি। এরপরই ক্ষোভ বাড়তে থাকে প্রতিবাদীদের মধ্যে। সারারাত তাঁরা অবস্থানে ছিলেন। মঙ্গলবার সকাল থেকেও একই পরিস্থিতি। আর এই কারণেই একে একে অসুস্থ হয়ে পড়ছেন চাকরিহারারা।
সোমবার রাত থেকে এখনও পর্যন্ত এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা। তাঁদের কাছে পানীয় জল নেই, শৌচাগারে যাওয়ার ব্যবস্থা নেই। এই নিয়ে ভবনের সামনে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় চাকরিহারাদের। কিন্তু কোনও লাভ হয়নি। ফলে মঙ্গলবার সকাল থেকে অসুস্থ হতে শুরু করেছেন অনেকেই। মনে করা হচ্ছে, শরীরে জলের অভাব হওয়ায় সমস্যা বাড়ছে চাকরিহারাদের।
শৌচাগারের ব্যবস্থা না থাকায় বেশিরভাগ চাকরিহারা জল কম খাচ্ছেন বা খাচ্ছেনই না। এমনিতেই এত গরম, তার মধ্যে জল কম খাওয়ায় শরীর যে খারাপ হবেই তা সাধারণ ব্যাপার। এবং হচ্ছেও তাই। মঙ্গলবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে ধর্নারত এক শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, এসএসসি ভবনের সামনে এক আন্দোলনকারী মাথা ঘুরে পড়ে যান। জানা গেছে, তিনি সারারাত ঘুমোননি, খাননি।
এদিন সকালে অবশ্য অবস্থানরত শিক্ষকদের পাশে থাকতে এসএসসি ভবনের সামনে শুকনো খাবার এবং জল নিয়ে এসে উপস্থিত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রসঙ্গত, সোমবার দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা। এসএসসি জানিয়েছিল সন্ধে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করবে। কিন্তু আদতে তা হয়নি। যে কারণে ভবনের বাইরেই রাতভর অবস্থানে বসেছিলেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। রাত পেরিয়ে সকাল হয়ে দুপুর, নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা।
মঙ্গলবার এসএসসির সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ। তাঁদের তরফে রাজ্যবাসীর উদ্দেশে আগামিকাল এসএসসির সামনে ধর্না অবস্থানে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।