
শেষ আপডেট: 12 August 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: সময় গড়াচ্ছে যত, ততই তীব্র হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন এবার ছড়িয়ে পড়ল স্কুলের চৌহদ্দিতেও। একদিকে সোমবার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিশিষ্টদের মিছিল এগোচ্ছে আরজি করের দিকে। অন্যদিকে বাগবাজার থেকে স্কুল পড়ুয়াদের মিছিলও পৌঁছে গেল আরজি কর হাসপাতালে।
আরজিকরে স্নাতকোত্তর স্তরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ চত্বর আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই চলছে কর্মবিরতি। কয়েকটি কলেজে শুধুমাত্র জরুরি বিভাগেই দেওয়া হচ্ছিল পরিষেবা। তবে ছাত্রী খুনের ঘটনায় অপরাধীর শাস্তি ও হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়। সোমবার বেলা গড়াতেই শহরের সব পথ যেন আরজি করে গিয়ে শেষ হয়।
রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিক্যাল পড়ুয়ারা তো বটেই সামিল হন অন্য কলেজের পড়ুয়ারাও। এমনকী দেখা যায় দিদিমণিদের পাশে নিয়ে মিছিলে হাঁটছে স্কুলের পড়ুয়ারাও।
বৃহস্পতিবার রাতের নৃশংস ঘটনার পরে, শুক্রবার থেকেই দানা বাঁধে প্রতিবাদ। শনি-রবিবার আছড়ে পড়ে আন্দোলনের ঢেউ। ডাক্তার-নার্স সকলেই কার্যত কর্মবিরতি শুরু করেন, বিচার চান এই হত্যার। 'উই ওয়ান্ট জাস্টিস' চিৎকারে ভরে ওঠে আরজি কর চত্বর। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আজ সোমবার সেই আন্দোলনই নতুন মাত্রা পেল।