
শান্তনু সেন
শেষ আপডেট: 24 March 2025 21:42
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার (Air India) পরিষেবা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে। এবার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তাঁর দাবি, টিকিট থাকা সত্ত্বেও তাঁকে দাঁড়িয়ে থেকেই কলকাতা ফিরতে হয়েছে, তাঁকে বসতেই দেওয়া হয়নি! গুরুতর এই অভিযোগ করে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে তুলোধনা করেছেন তিনি।
মুম্বই থেকে কলকাতা ফেরার জন্য টিকিট কেটেছিলেন শান্তনু সেন। কিন্তু অভিযোগ করেন, তাঁর সিট আরও একজনের জন্য বরাদ্দ করেছিল সংস্থা। অর্থাৎ, একই সিট দুজনকে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়ে শান্তনু বলেন, ''আমাকে ১৫-ডি নম্বর সিট দেওয়া হয়েছিল। বৈধ বোর্ডিং পাসও ছিল আমার কাছে। তবে বিমানে ওঠার পর আমি দেখি অন্যজন সেই সিটে বসে রয়েছেন। অর্থাৎ একই সিটের টিকিট দুজনকে বিক্রি করেছে সংস্থা।''
রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, সিটের সমস্যা হলেও বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁকে অন্য সিটের ব্যবস্থা করে দেওয়া হয়নি। বরং তাঁকে দাঁড়িয়েই কলকাতা ফিরতে হয়েছে! তাঁর বুক করা ওই সিটে অন্য ব্যক্তি বসেই ফিরেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং এয়ার ইন্ডিয়া সংস্থাকে 'ভয়ঙ্কর' বলে কটাক্ষ করেছেন শান্তনু সেন।