
শেষ আপডেট: 27 April 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল 'সান্নিধ্য' পত্রিকা। অনুষ্ঠানের সূচনা লগ্নে পত্রিকার সম্পাদক পলাশ গঙ্গোপাধ্যায় জানালেন, ২০২০ সালের পর 'সান্নিধ্য'-র আর কোনও সংখ্যা প্রকাশিত হয়নি। তবে পত্রিকার ২৫ বর্ষ পূর্তিকে কেন্দ্র করে তাঁরা ফের প্রকাশনার পরিকল্পনা করছেন। পাশাপাশি সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
পঁচিশ বছরের প্রথম সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে এদিন ছিল পাঁচজন বিশিষ্ট কবির গুচ্ছ কবিতাপাঠ এবং একক গানের পরিবেশনা। কবিতাপাঠের আসরে অংশ নিয়েছিলেন অংশুমান কর, সৌমিত্র গুহ, অদিতি বসুরায়, অভিমন্যু মাহাত ও বর্ণালী কোলে। প্রত্যেকেই শক্তিশালী ও আবেগমথিত গুচ্ছ কবিতা পাঠ করেন, যা উপস্থিত দর্শকদের অন্তর ছুঁয়ে যায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংহিতা বন্দ্যোপাধ্যায়ের একক সঙ্গীত পরিবেশনা। সংহিতা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার জন্য সুপরিচিত হলেও এদিন তাঁর নির্বাচনে ছিল মূলত কবিতার গান এবং নিজের লেখা ও সুরারোপিত গান। প্রথমে তিনি পরিবেশন করেন জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' এবং সত্তরের কবি সুমিত চট্টোপাধ্যায়ের কবিতা 'করতলে মুখ' -এর সুরারোপিত গান।
পরে তিনি শোনান নিজের লেখা ও সুর করা একাধিক গান, যেখানে ছিল বাংলা ভাষার প্রতি ভালবাসা, নারীর অন্তরীণ জীবন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের পাশে মানুষের দাঁড়ানোর মতো গভীর বিষয়বস্তু। প্রতিটি গানের আগে সংহিতা তুলে ধরেন গানগুলির জন্মের পেছনের গল্পও।
অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব শ্রোতাদের মন ছুঁয়ে যায়। উপস্থিত সকলে এক মনোজ্ঞ সন্ধ্যার সাক্ষী থাকলেন। 'সান্নিধ্য'-র এই নবযাত্রা আগামী দিনেও আরও সমৃদ্ধ হোক—এমনই শুভেচ্ছা রইল।