
মিছিলের ছবি
শেষ আপডেট: 29 August 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১১ দিন পর ফের রাস্তায় নামলেন কলকাতা ফুটবলের তিন প্রধানের সমর্থকরা। এদিন কলেজস্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের সমর্থকরা। জানিয়ে দিলেন বাতিল হওয়া ডুরান্ড কাপের ডার্বি ম্যাচের দিন মিছিলে সমর্থকদের উপর যেভাবে লাঠিচার্জ হয়েছিল তার প্রতিবাদে ফের তাঁরা পথে নামবেন।
বিক্ষুব্ধ সমর্থকরা সেদিন, ম্যাচ বাতিলের পরে শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন। স্লোগান তুলেছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'। এর পরেই ছত্রভঙ্গ করতে তাঁদের উপর লাঠি চালানোর অভিযোগ ওঠে। মারধরের মুখে আহত হন মহিলা সমর্থকরাও। প্রিজন ভ্যানে দুই দলের সমর্থকদেরই তোলা হয়। যদিও পরে কল্যাণ চৌবের হস্তক্ষেপে আটক হওয়া সমর্থকদের ছাড়তে বাধ্য হয় পুলিশ।
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচেও দেখা যায়, বড় বড় ফেস্টুন। তাতে লেখা, 'আমাদের বোনের বিচার চাই'। অপরাধীদের সাজা না হওয়া পর্যন্ত হাতে হাত রেখে ধারাবাহিক লড়াইয়ের কথাও লেখা হয়েছে ফেস্টুনে।
আজও বেলা গড়াতেই ফের পথে নামেন তিন প্রধানের সমর্থকরা। আওয়াজ তোলেন, 'উই ওয়ান্ট জাস্টিস'। কেন পুলিশ লাঠিচার্জ করল সেদিন, সেই উত্তরও চান তাঁরা। বলে দেন ফের রাজপথ দখল করা হবে।