
ভেঙে পড়া সিলিং
শেষ আপডেট: 14 November 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় আরজি কর হাসপাতাল। এবার হাসপাতালে নিউ সার্জারি বিভাগের ফলস সিলিং ভেঙে পড়ায় ব্যাহত অপারেশনের কাজ। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের একাংশের।
বৃহস্পতিবার দুপুরে, ২টো নাগাদ সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারির ৩ নম্বর ওটি-র ফলস সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও, অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়েছে।
হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতার কথা একাধিক বা জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি।
ঘটনায় ফের হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে তা ফাঁপা হয়ে গিয়েছে। তারই নিদর্শন সিলিং ভেঙে পড়া। এখনও হাসপাতালের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।