
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 19 August 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। রবিবার ছুটির দিনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, মঙ্গলবার মামলাটি শুনবে শীর্ষ আদালত।
আরজি করের ঘটনায় কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। উচ্চ আদালত দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।
ওয়াকিবহাল মহলে কৌতূহল তৈরি হয়েছে, হাই কোর্ট ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ করতে পারে।
আইনজীবীদের অনেকেই জানাচ্ছেন, ওই মামলায় যুক্ত হতে চেয়ে বেশ কিছু পিটিশন জমা পড়েছে। আইনজ্ঞরা মনে করছেন, শীর্ষ আদালত তদন্তের বিষয়ে না ঢুকে গোটা দেশেই চিকিৎসা ব্যবস্থার সংস্কারে কিছু মৌলিক বিষয়ে দিক নির্দেশ করতে পারে।
তারমধ্যে অন্যতম হল, হাসপাতালে চিকিৎসক সহ সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা। এই ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতালগুলির নিরাপত্তা, সুরক্ষার ভার আধা সেনাকে দেওয়ার প্রস্তাব শীর্ষ আদালত বিবেচনা করতে পারে।
দুই, ডাক্তার, নার্সদের কাজের মেয়াদ বেঁধে দেওয়া। আরজি করে মৃত শিক্ষার্থী চিকিৎসক ৩৬ ঘন্টা ডিউটি করছিলেন বলে খবর।
তিন. হাসপাতাল সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় নতুন কঠোর আইন প্রণয়নের রায় দিতে পারে আদালত। বর্তমানে ২৫টি রাজ্যের পৃথক আইন চালু আছে। এছাড়া কেন্দ্রীয় সরকার ১৮২৩ সালের মহামারী প্রতিরোধ আইনটির কিছু সংশোধন করেছে ২০১৯-এ। সেই আইনেও হাসপাতাল কর্মীদের সুরক্ষার কথা বলা আছে। এছাড়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইনের একটি খসড়া সরকারের কাছে জমা দিয়েছে। আগামীকাল একাধিক সংগঠন সুপ্রিম হাজির থেকে নিজেদের বক্তব্য জানাতে চায়। সোমবার তারা পিটিশন জমা করেছে।