
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 December 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এদিন দু’জনের আইনজীবীই সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জামিনের আবেদন জানান। কিন্তু শিয়ালদহ কোর্ট সেই আবেদন খারিজ করে জানিয়েছে, অভিযুক্ত দু’জনকে এখনই মুক্তি নয়।
সোমবার নির্দেশ মেনেই আদালতে হাজির হন সন্দীপ ও অভিজিৎ। আদালতে সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি গ্রেফতারের পর ৮৬ দিন কেটে গেছে। এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও শক্তপোক্ত প্রমান পেশ করা হয়নি। সে কারণে তাঁকে জামিন দেওয়া হোক।
অন্যদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী জানান, তদন্তকারীরা তাঁর মক্কেলকে প্রমান লোপাটের কারণে গ্রেফতার করলেও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট হাতে এলেও তা আদালতে পেশ করা হয়নি।
যদিও সিবিআই সমস্ত অভিযোগ খারিজ করে আদালতকে স্পষ্ট জানিয়েছে, তদন্তের স্বার্থে ৯০০ ঘণ্টার ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। ইট ইস নট আ ম্যাটার অফ জোক। এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা দু’জনকেই চার দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানান। পরে দু’পক্ষের সওয়াল জবাব শেষে আদালত দু’জনকেই ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
সিবিআই সূত্রে খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশের তোড়জোড় চলছে। এই মামলায় আরও একাধিক সাপ্লিমেন্টারিচার্জশিট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।