
জল পেরিয়েই অফিসে ঢুকছেন পুরকর্মীরা
শেষ আপডেট: 25 October 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে কলকাতা পুরসভার গেটে হাঁটু পর্যন্ত জল জমেছে। একদিকে শহরের বিভিন্ন জায়গায় জমা জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা। অন্যদিকে, কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সামনের জমা জল পেরিয়েই কাজে ঢুকছেন পুরকর্মী-আধিকারিকরা। কন্ট্রোল রুমের ভিতরে যখন তৎপরতা তুঙ্গে তখন বাইরে প্রায় হাঁটু পর্যন্ত জমা জল নিয়ে প্রশ্ন উঠছে।
'দানা' ঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা রেখেছে কলকাতা পুরসভা। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনও রাস্তায় গাছ পড়ে থাকে বা জল জমে থাকে তাহলে তা দ্রুত সমাধান করতেও তৎপর প্রশাসন।
কিন্তু টানা বৃষ্টিতে পুরসভার সামনেই হাঁটু পর্যন্ত জল থইথই করছে। সেই জল ঠেঙিয়েই এদিন সক্কাল সক্কাল অফিসে ঢুকলেন পুরকর্মী ও আধিকারিকরা। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, মধ্যরাত থেকে কলকাতা-সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। শুক্রবার সকালেও থামেনি বর্ষণ। যার জেরে শহর এবং শহরতলির একাধিক জায়গা জলমগ্ন, বহু জায়গায় ভেঙেছে গাছ। হাওয়া অফিসের আপডেট বলছে, সবথেকে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে, ১১১ মিলিমিটার।
ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সারাদিন। কিছু জায়গায় মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকা বিকেল চারটে পর্যন্ত উত্তাল থাকবে বলেই আভাস মিলেছে।