
ফাইল ছবি
শেষ আপডেট: 10 April 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারাদের একাংশ বুধবার থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান শুরু করেছিল। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও তাঁরা সেখান থেকে নড়েননি। বরং অবস্থানে অনড় থেকে এবার অনশনের সিদ্ধান্ত নিলেন তাঁরা। আজ বেলা ১১টা থেকেই অনশন শুরু করলেন চাকরিহারারা। আপাতত পঙ্কজ রায় নামে একজন শিক্ষক অনশন শুরু করলেন। তাঁদের মূল দাবি, মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি।
বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে চাকরিহারাদের। শুধু তাই নয়, লাথি, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি এবং অন্যদিকে পুলিশি প্রহারের বিরোধিতায় অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, এমনটাই জানান চাকরিহারাদের একাংশ। তাঁদের বক্তব্য, এসএসসি বলেছে যে তাঁদের কাছে মিরর ইমেজ আছে, আর তাঁরা তা প্রকাশ করতে পারে। কিন্তু কবে করবে, আদৌ করবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তাই যতদিন না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, ততদিন অনশন চলবে বলে জানিয়েছেন চাকরিহারারা। একে একে আরও অনেকে অনশনে বসবেন বলে জানানো হয়েছে।
চাকরিহারাদের অন্য একাংশ 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ' আবার এদিনই পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যোগ্য ও অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবিতে বেলা ১২টায় শিয়ালদহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করতে চলেছে। এটাও পরিষ্কার বলেছে, মিছিলে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকুন তাঁরা চান না।
বৃহস্পতিবারই আবার কসবা কাণ্ডে চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে। একটি কসবা ডিআই-র করা অভিযোগের ভিত্তিতে হয়েছে, অপরটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। যদিও নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ দায়ের হয়নি। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁরা নিয়ম ভেঙেছেন, পুলিশের ওপর চড়াও হয়েছেন, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এও বলা হয়েছিল যে, আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখা গেল, সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই চাকরিহারাদের বিরুদ্ধে দায়ের হল মামলা। তাও একটি নয়, দু-দুটি। এই বিষয়টি যেন এখন আগুনে আরও ঘি ঢেলেছে।