
আক্রান্ত প্রোমোটার ও তাঁর স্ত্রী
শেষ আপডেট: 15 December 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুললেন স্থানীয় প্রোমোটার। তোলাবাজির ৩০ লক্ষ টাকা না পেয়ে প্রোমোটারকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
অভিযোগ, অন্তত ৩০ জন কাউন্সিলর-ঘনিষ্ঠ দুষ্কৃতী প্রোমোটারের ওপর হামলা চালায়। এ ব্যাপারে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলরের বাড়ি গিয়েও কারও দেখা মেলেনি।
অভিযুক্ত কাউন্সিলরের নাম সমরেশ চক্রবর্তী। কিশোর হালদার নামে ওই প্রোমোটারের অভিযোগ, তোলাবাজির ৩০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল তাঁর কাছে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় কাউন্সিলর-ঘনিষ্ঠ ৩০ জন বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় মারে। রক্তাক্ত অবস্থায় কিশোর হালদার বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রোমোটারের স্ত্রীর দাবি, স্যাংশন করেই ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়েছিল। এর আগেও লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছিল তাঁদের কাছে। পরে আবার টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় কাউন্সিলরের মদতে ৩০ জন দুষ্কৃতী হামলা চালায়।
হামলার পর রক্তাক্ত অবস্থায় থানায় অভিযোগ জানাতে গেলে বাগুইআটি থানার পুলিশ আহত কিশোর হালদারকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।