দ্য ওয়াল ব্যুরো: প্রয়োজনীয় সংস্কারের জন্য ইএম বাইপাসের দক্ষিণ দিকের অংশ বন্ধ রাখা হবে আজ রাতে। চিংড়িঘাটা মোড়ের কাছে ফুট ওভারব্রিজের কাজের জন্য আজ, শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুর দপ্তর প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। যে কারণে উল্টোডাঙা উড়ালপুল থেকে সায়েন্স সিটি-গামী গাড়িগুলি বেলেঘাটা বাইপাস মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উল্টোডাঙার হাডকো মোড় হয়ে যে সব পণ্যবাহী গাড়ি সায়েন্স সিটির দিকে যায়, সেই গাড়িগুলিকে হাডকো মোড় থেকে কাঁকুড়গাছির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সায়েন্স সিটির দিক থেকে সল্টলেক বা বিমানবন্দরগামী গাড়িকে চিংড়িঘাটা মোড় থেকে বিশ্ববাংলা সরণি ধরে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার থেকে উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। ভিআইপি রোড থেকে বাইপাসের দিকে যাওয়ার লেনেও কাজ চলছে। তাই গাড়িগুলিকে আপাতত ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে চালু হবে স্বাভাবিক যান চলাচল।