
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 February 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতার নিউটাউন থেকে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। তবে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে তাতে উল্লেখ করা হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে। তাছাড়া তাঁর যৌনাঙ্গে আঘাতের চিহ্নও মিলেছে।
নিউটাউন এলাকার লোহার ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই ঝোপের মধ্যেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি অন্য জায়গায় এই কাণ্ড ঘটিয়ে ঝোপে এসে দেহ ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ময়নাতদন্তের রিপোর্টে আপাতত বলা হয়েছে, যৌনাঙ্গে আঘাতের পাশাপাশি তরুণীর বুকে নখের দাগ রয়েছে। তবে কী কারণ তরুণীর মৃত্যু তা সম্পূর্ণ রিপোর্ট না পেলে স্পষ্ট হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ ইতিমধ্যে ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। তাতে ধরা পড়েছে তরুণীর গতিবিধি। তাঁর সঙ্গে দুই যুবকও ছিল। তিনজনে বাইকে করে কোথাও যাচ্ছিল। তাহলে কি ওই দুই যুবকই তরুণীকে ধর্ষণ করে খুন করেছে, নাকি এর পিছনে তৃতীয় কেউ বা কারা জড়িত রয়েছে, সেইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
তরুণীর সঙ্গে থাকা দুই যুবকের খোঁজে বাগুইআটি, কেষ্টপুর-সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে, তাদের মধ্যে অন্তত একজনকে খুঁজে পেলেও ঘটনার তদন্তে গতি বাড়বে।