
শান্তি দাস বসাক, ইনসেটে নিখোঁজ স্বামীর ছবি
শেষ আপডেট: 27 December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসার শান্তি দাস বসাক। তাঁর স্বামী দীপাঞ্জনকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাওড়ার পেনরো থানায় ইতিমধ্যেই স্বামীর নিখোঁজ ডায়েরি করেছেন শান্তি। পুলিশ তদন্ত শুরু করে তল্লাশি অভিযান শুরু করেছে।
শান্তি দাস বসাকের যথেষ্ট সুনাম রয়েছে পুলিশমহলে। দায়িত্ব সামলেছেন রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। এছাড়াও মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এখন তিনি রাজভবনে কর্তব্যরত। শান্তি দাস সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
অফিসারের স্বামী দীপাঞ্জন বসাক অভিনয় জগতের সঙ্গে যুক্ত। শান্তির কথায়, বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি তাঁকে।
সারা রাতে বাড়ি না ফেরায় শুক্রবার সকালে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন শান্তি। অফিসারের কথায়, 'গত কয়েক দিন ধরেই ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ করছিলাম। সব কিছুতেই যেন অনীহা ছিল। মন খারাপ করে বসে ছিল। ওর নিখোঁজের কথা প্রশাসনিক স্তরে জানিয়েছি। রাজভবনেও খবর দেওয়া হয়েছে। ও ফিরলে মনোবিদের কাছে নিয়ে কাউন্সেলিং করাব।'
স্বামীর নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়াতেও ছবি-সহ পোস্ট করেন শান্তি। যেখানে লিখেছেন, 'আমার স্বামী দীপাঞ্জন নিখোঁজ। পরিবারের সকলেই আমরা খুব চিন্তায় আছি। ওঁর সম্পর্কে কারও কাছে যদি কোনও তথ্য থাকে তাহলে আমাদের জানান দয়া করে।'
প্রসঙ্গত, এ ব্যাপারে শান্তি দাস বসাকের সঙ্গে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অফিসারের থেকে পরবর্তীতে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।