
ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশের অভিযান
শেষ আপডেট: 25 June 2024 00:22
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হল পুলিশ। সোমবার সন্ধে শহরের বিভিন্ন এলাকার ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশ অভিযানে নামে।
শহরের যত্রতত্র রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। বিশেষ করে সল্টলেক চত্বরে গেলে এই দৃশ্য কারও অজানা নয়। আর এই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের বৈঠকে ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। সেই বৈঠক মিটতে না মিটতেই ‘অ্যাকশন মোডে’ পুলিশ।
রাজ্যের তথ্যপ্রযুক্তির তালুক সল্টলেকের সেক্টর ফাইভে কর্মসূত্রে রোজই হাজার হাজার মানুষের আনাগোনা হয়। সেই সমস্ত ক্রেতা টানতে সেক্টর ফাইভের বিভিন্ন ব্লকের রাস্তার দু’ধারে বাঁশ, কাঠ ও ত্রিপলের ছাউনিতে অস্থায়ীভাবে অসংখ্য খাবারের দোকান গজিয়ে উঠেছে। শুধু দিনে নয়, নাইট ডিউটির কর্মীদের জন্য রাতেও খোলা থাকে বহু দোকান। অভিযোগ, এর ফলে রাস্তার দু’পাশে ফুটপাত কার্যত অবৈধ দখলদারিতে চলে গিয়েছে।
এদিন সন্ধ্যায় সল্টলেকে ওয়েবেলের সামনে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। যে সকল দোকানদাররা দখল করে প্লাস্টিক টানিয়ে বসেছিলেন তাদের পুলিশ উঠে যাওয়ার জন্য ধমক দেয়।
সোমবার সন্ধেয় হাতিবাগান চত্বরেও রাস্তায় নেমে তদারকি করে পুলিশ। অভিযোগ, হাতিবাগানে ফুটপাথের বেশ কিছু দোকানের অংশ আবার রাস্তার উপরেও চলে এসেছে। ত্রিপল খাটিয়ে চলছে বেচাকেনা। সল্টলেকের মতো হাতিবাগানেও এদিন দোকানদারদের রাস্তা থেকে মালপত্র সরানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।