
শেষ আপডেট: 10 January 2024 07:55
দ্য ওয়াল ব্যুরো: দিনের আলো সবে ফুটেছে। রাস্তায় গুটিকয়েক লোকের আনাগোনা শুরু হয়েছে। হঠাৎই হইচই। অটোস্ট্যান্ডে তখন বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে দুই মদ্যপ যুবক। রীতিমতো হুমকি দিচ্ছেন তাঁরা। আগ্নেয়াস্ত্র দেখে লোকজন ভয় পালাতে শুরু করেছে। এক অটোচালককের মাথায় অস্ত্র ঠেকিয়ে হম্বিতম্বি করতে দেখা গেল এক যুবককে। খাস কলকাতার গড়িয়া মোড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এক অটো চালককে আগ্নেয়াস্ত্র বের করে মাথায় ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কেমন করে এল সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই দুই যুবক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী দুই যুবকের নাম দীপায়ন দত্ত ও চিরঞ্জিৎ কর্মকার। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।
স্থানীয় অটোচালকরা জানিয়েছেন, সকালে তখনও অটো পরিষেবা চালু হয়নি। সবে কয়েকজন চালক গাড়ি এনে স্ট্যান্ডে দাঁড় করিয়েছেন। তখন সেখানে একটি এসইউভি গাড়ি দাঁড় করিয়ে মদ খাচ্ছিলেন ওই দুই যুবক অভিযুক্ত। প্রকাশ্য রাস্তায় মাতলামিও করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে একজন এক অটো চালককে নির্দিষ্ট একটি রুটে অটো নিয়ে যাওয়ার জন্য বলে। জানা গিয়েছে, সেই অটো চালককে সোনারপুর যাওয়ার জন্য বলা হয়। কিন্তু সেই অটো চালক যেতে রাজি হননি। তারপরেই শুরু হয় ঝামেলা।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, ওই দুই যুবক মত্ত অবস্থায় ছিল। অটো চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। এরপরেই হঠাৎ এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে। বন্দুক উঁচিয়ে ওই অটো চালককে হুমকি দেওয়া হয়। নির্দিষ্ট রুটে যাওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হতে থাকে। অটো চালককে হুমকি দিয়ে তারা বলেন, ‘জানিস আমি কে? বেশি বাড়বাড়ি করলে একেবারে নামিয়ে দেব’। রাস্তায় যখন এমন কাণ্ড চলছে তখন ভিড় জমে যায় চারদিকে। কিন্তু যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ এগোতে সাহস পাননি।
ভিড়ের মধ্যে থেকে একজন চুপিচুপি পাটুলি থানায় ফোন করে খবর দেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসে পুলিশের পেট্রলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, একজন যুবকের বাড়ি নারকেলডাঙা এলাকায়। দুজনকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে।