
কলকাতায় অপহরণের তদন্তের কিনারা
শেষ আপডেট: 24 June 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: নিউমার্কেট এলাকা থেকে অপহরণ করা হয়েছিল কলকাতার এক ব্যবসায়ীর ছেলেকে। মুকুন্দপুর থেকে তাঁকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
গত শুক্রবার এই অপহরণের ঘটনা ঘটে। নিউমার্কেটের জনবহুল এলাকা থেকেই ওই ব্যবসায়ীর ছেলে ইকবালকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ছেলের কোনও খোঁজ না মেলায় ওই ব্যবসায়ী তিলজলা থানায় এফআইআর দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে তিনদিনের মধ্যেই অপহরণের ঘটনার কিনারা করে দিল।
তিলজলা থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা যৌথভাবে ঘটনার তদন্তে নামে। ব্যবসায়ী তাঁদের জানিয়েছিলেন, ১২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাঁর কাছে ফোন এসেছিল। সেই ফোনের সূত্র ধরেই এই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানতে পেরেছে, নরেন্দ্রপুরে ইকবালের একটি কল সেন্টার ছিল। তার জন্যই ঘটনার মূল অভিযুক্ত ডেভিডের থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তবে কল সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় সেই টাকা ফেরত দিতে পারছিলেন না ইকবাল। পুলিশের অনুমান, ঋণের টাকা ফেরত নিতেই এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে।
৮ জন ছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজন জড়িত বলে সন্দেহ পুলিশের। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অপহরণ করার পর ইকবালকে কসবা, নরেন্দ্রপুর সহ একাধিক জায়গায় ঘোরানো হয়েছিল। শেষে মুকুন্দপুরের একটি হোটেলে রাখা হয়। যেখানে যেখানে তারা গেছিল সেই সব জায়গায় বিশেষভাবে নজর দিচ্ছে পুলিশ।