
বারাসতের একশো শয্যার হাসপাতাল এখন পিয়ারলেসের।
শেষ আপডেট: 1 August 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আমরি হাসপাতাল এখন অধিগ্রহণ করে নিয়েছে দক্ষিণের মনিপাল গোষ্ঠী। মেডিকাও তারা অধিগ্রহণের পথে। শহরের একাধিক হাসপাতাল যখন এভাবেই ভিন রাজ্যের গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে, তখন প্রায় শতবর্ষ পুরনো বাঙালি প্রতিষ্ঠান পিয়ারলেসও পিছিয়ে থাকল না। বারাসতে একশ শয্যার একটি হাসপাতাল সম্প্রতি অধিগ্রহণ করে নিয়েছে পিয়ারলেস। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।
বুধবার পিয়ারলেস সংস্থার বার্ষিক সাধারণ সভা ছিল। তার পর এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন, পিয়ারলেসের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়। তিনি জানিয়েছেন, বারাসতের ওই চিকিৎসা প্রতিষ্ঠানের নাম এসকেএম হাসপাতাল।
পিয়ারলেসের মূল হাসপাতালেরও এখন পরিকাঠামো বাড়ানো হচ্ছে। এতদিন এটি ৫০০ শয্যার হাসপাতাল ছিল। নতুন একটি ভবন হাসপাতাল চত্বরে তৈরি হচ্ছে ক্যানসারের চিকিৎসার জন্য। তার পোশাকি নাম হবে শ্রীয়স (SRIOS)। তার ফলে হাসপাতালের বেড সংখ্যা বেড়ে হবে ৬৭০। তা ছাড়া হাসপাতালে বর্তমানে ৪৮টি ওপিডি কাউন্টার রয়েছে। কিন্তু রোগীর যা চাপ রয়েছে তাতে এই সংখ্যাও অনেক কম পড়ছে। নতুন ভবন তৈরি হলে আরও ৮৫টি ওপিডি কাউন্টার খুলে যাবে। সেই সঙ্গে আরও ৮টি অপারেশন থিয়েটার চালু করবে পিয়ারলেস। সম্ভবত ২০২৬ সালের ১ বৈশাখ নতুন ভবনে পরিষেবা পুরোদস্তুর চালু হয়ে যাবে।
জয়ন্ত রায় এদিন বলেন, হাসপাতাল ব্যবসা অন্য কনজিউমার বিজনেসের মতো নয়। পিয়ারলেসের হাসপাতালের লক্ষ্যও কোনওদিনও শুধু মুনাফা কামানো ছিল না। তবে হ্যাঁ, পিয়ারলেস হাসপাতাল গত আর্থিক বছরে ২৫ শতাংশ মুনাফা করেছে।
পিয়ারলেসকে ঘুরে দাঁড় করানোর পিছনে অন্যতম চরিত্রটি হলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর (বিজনেস ট্রান্সফরমেশন ও কর্পোরেট স্ট্র্যাটেজির) সুপ্রিয় সিনহা। বুধবার সুপ্রিয় বলেন, পিয়ারলেস ক্রমশই কনজিউমার ফেসিং ব্যবসার দিকে নজর ঘোরাতে চাইছে। তার ফলও পাওয়া গিয়েছে। কোভিডের আগে দেখা গিয়েছিল, ২০১৪-১৯ আর্থিক বছরে বার্ষিক বৃদ্ধির হার ছিল মাত্র ৪ শতাংশ। এই পাঁচটি আর্থিক বছরে মোট মুনাফা হয়েছিল মাত্র ১০০ কোটি টাকা। আর ২০২২-২৫ মেয়াদে প্রতি বছরই ১০০ কোটি টাকার মুনাফা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে মোট রেভিনিউ ছিল ৬৫১ কোটি টাকা। তা বেড়ে ২০২৩-২৪ আর্থিক বছরে হয়েছে ৯৬১ কোটি টাকা।
সুপ্রিয় জানিয়েছেন, পিয়ারলেস তাদের সমস্ত পরিষেবা এক ছাতার তলায় আনতে একটি নতুন ওয়েবসাইটও চালু করেছে। তার নাম পিয়ারলেস ওয়ান ডট ইন (peerlessone.in)। হাসপাতাল, আবাসন ব্যবসা নিয়ে তথ্য, বিমা, পিয়ারলেসের হোটল বুকিং সমস্ত কিছু এখন এই একটি ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। যার মূল লক্ষ্য ক্রেতা তথা উপভোক্তাদের সুবিধা করে দেওয়া।