
পার্থ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 18 February 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় কেমন আছেন সেই সংক্রান্ত রিপোর্ট কয়েকদিন আগেই বিশেষ সিবিআই আদালতে জমা দিয়েছিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিনই আন্দাজ করা গেছিল যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। মঙ্গলবার ছাড়া পেলেন পার্থ। হাসপাতাল থেকে আবার ফিরলেন প্রেসিডেন্সি জেলে।
এসএসকেএম-এর প্রতি 'বিশ্বাস' হারিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলেই দাবি করেছিলেন তাঁর আইনজীবী। যদিও একাধিকবার জামিনের আবেদন করেও জামিন পাননি পার্থ। শেষে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে এবার ছাড়া পেলেন।
কয়েক দিন জানা গেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা ছিলই। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দিয়েছে। তবে গত ১৪ ফেব্রুয়ারি আদালতে যে রিপোর্ট জমা পড়েছিল তাতে উল্লেখ করা হয়েছিল, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আলাদা করে আর কোনও পরীক্ষা করা হয়নি পার্থর। যা নিয়মিত করা হচ্ছিল আগে, তাই করা হবে। আপাতত তিনি স্থিতিশীল।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ প্রেসিডেন্সি জেলে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তিনি নিজেই বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান। এর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত নির্দেশ দিয়েছিল তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন তবে খরচ নিজেকেই করতে হবে। তারপরই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হন পার্থ।
প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি কেন হচ্ছে? এই বিষয়ে অনেকে মনে করেছেন, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুর্নীতি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন। তবে তিনি হাজারো চেষ্টার পরও পাননি। এই নিয়ে তাঁর হয়তো মনোকষ্ট বাড়ছে। তবে খাদ্য রসিক হিসেবেও পার্থ চট্টোপাধ্যায়ের সুনাম আছে। জেল সূত্রে জানা গেছিল, ক্যান্টিন থেকে আকছার মাটন, চিংড়ি মাছ কিনে খেতেন তিনি। তার ফলেও শরীর খারাপ হয়েছে তাঁর।