
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 19 April 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২১ এপ্রিল কলকাতায় মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। রাম নবমী উপলক্ষ্যে শহরে এই মিছিল করবে পরিষদ।
শর্ত সাপেক্ষে বিশ্ব হিন্দু পরিষদকে দক্ষিণ কলকাতায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের জয় সেনগুপ্তের একক বেঞ্চ।
গড়িয়া মোড় থেকে এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত হবে এই ব়্যালি। ৱ্যালির সময়সীমা সন্ধে ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মিছিল করার ক্ষেত্রে অবশ্য একাধিক শর্ত আরোপ করেছে হাইকোর্ট। নির্দেশে আদালত জানিয়েছে, ৬০০ জনের বেশি মানুষ এই ৱ্যালিতে অংশগ্রহণ করতে পারবেন না। মিছিলে পাঁচটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না, মিছিলের জন্য উদ্যোক্তাদের পাঁচজন ভলান্টিয়ার নিযুক্ত করতে হবে। ব্যবহার করা যাবে না কোনও ধরনের অস্ত্র।
নিরাপত্তার কারণে ব়্যালিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে পারে রাজ্য।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপরও পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের একা্ংশে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটে। হিংসার ঘটনায় বিজেপি এবং তৃণমূল পরস্পরকে দোষারোপ করেছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, ওই সময় মিছিলের অনুমতি না পাওয়ায় আগামী ২১ এপ্রিল দক্ষিণ কলকাতায় রাম নবমী উপলক্ষ্যে মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ।