
ভেঙে পড়েছে বাড়ির একাংশ - নিজস্ব ছবি
শেষ আপডেট: 7 December 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে শহর কলকাতার এন্টালিতে একটি কারখানার একাংশ ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছিল। এবার কালীঘাটে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। যদিও শনিবারের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের মদন পাল লেনে পুরনো এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রের খবর, এই বাড়িটি প্রায় ১০০ বছর পুরনো। শনিবার রাতের দিকে বাড়িটির একটি ছোট অংশ ভেঙে পড়েছিল। তার আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাড়ির নীচে থাকা ১৪ টি পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে বের করে আনেন।
এই ঘটনার কিছু পরেই বাড়িটির বড় একটি অংশ সকলের সামনে ধসে পড়ে যায়। ১৪টি পরিবারকে বের না করা হলে একাধিকজনের মৃত্যু হতে পারত বলে আশঙ্কা। তবে স্বস্তির বিষয়, কারও মৃত্যু ঘটেনি এই ঘটনায়। অল্প সময়ের মধ্যেই দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আসেন স্থানীয় কাউন্সিলরও। বাড়িটির অবশিষ্টাংশ নিয়ে কী করা হবে তা আইন মেনে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়েছিল গত মাসে। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়। ৪০ বছর পুরনো বাড়ি অথচ এতদিন বিপজ্জনক বাড়ির বোর্ড লাগানো ছিল না এই কারখানার বিল্ডিংয়ে। তবে দুজনের মৃত্যুর পর অবশেষে লাগানো হয় সেই বোর্ড।
দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থা পড়ে এই কারখানা। তবে রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষীরা ছিলেন। ঘটনার দিন কারখানার ভিতরে হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার শব্দ পান তাঁরা। সেই আওয়াজ শুনেই দুজনে ভিতরে ঢোকেন। সেই সময় ভেঙে পড়া কংক্রিটের একটি অংশের আঘাতেই দুজনের মৃত্যু হয়।