
ফাইল চিত্র
শেষ আপডেট: 23 November 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: একটি দাঁত আটকেছিল পাঁচ বছর আগে। আরেকটি দাঁত আটকায় এক বছর আগে। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। দক্ষিণ ভারতের সর্বত্র ঘুরেও মেলেনি উপকার। অবশেষে পথ দেখাল এনআরএস মেডিক্যাল কলেজ। যা ধরতেই পারল না দক্ষিণ ভারতের কোনও হাসপাতাল, সেই অসাধ্য সাধন করে দেখাল কলকাতার এই সরকারি হাসপাতাল।
এনআরএস সূত্রে জানা যায়, তীব্র শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে আসেন বীরভূমের নানুরের বছর পঞ্চাশের বাসিন্দা। ২০১৯ সালে তাঁর একটি দাঁত ভেঙে ঢুকে যায় ফুসফুসে। পরে গত বছর আরেকটি দাঁত ভেঙে ঢুকে যায় ফুসফুসেই। দু'টি দাঁতই আটকে থাকায় শ্বাসকষ্ট শুরু হয়।
জানা যায়, ডান ও বাঁ দিকের ব্রঙ্কাসে আটকেছিল দু'টি দাঁত। যার জন্য প্রবল কাশির সঙ্গে হচ্ছিল শ্বাসকষ্ট। এনআরএসে ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় শনিবার। সেখানে পরীক্ষা করে দেখা যায় গোটা বিষয়টি। ব্রঙ্কোস্কপি করে বের করা হয় দু'টি দাঁত।
এই বিভাগের চিকিৎসক জয়দীপ দেব বলেন, 'দাঁত দু'টির জন্য ফুসফুস বন্ধ হলে মারা যাবেন, এমন অবস্থা হয়। তারপর অজ্ঞান করে ব্রঙ্কোস্কপি করা হয়।' এমন এক অস্ত্রোপচার করে কার্যত এক নয়া রেকর্ড গড়ল এনআরএসের পালমোনোলজি বিভাগ।