
শেষ আপডেট: 3 November 2023 14:09
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন অসুস্থ থাকার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়। যিনি সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। শুক্রবার সকালেই মা'কে দেখতে দেশে ফিরেছিলেন অভিজিৎবাবু। বিমানবন্দরে নেমেই তিনি সোজা হাসপাতালে যান। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আসে।
নির্মলাদেবীর প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানাতে তিনি বাড়িতে যেতে পারেন বলে খবর।
Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023
Prof. Nirmala Banerjee was trained at the London School of…
অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গত কয়েকদিন ধরেই বাইপাসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শুক্রবার অভিজিৎবাবুর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, "প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপিকা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আজ কলকাতায় উনি প্রয়াত হয়েছেন। আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।"
এরপর মমতা আরও বলেন, "সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স-এ অর্থনীতি পড়াতেন অধ্যাপিকা নির্মলা বন্দ্যোপাধ্যায়। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন তিনি। তাঁর স্বামী প্রয়াত দীপক বন্দ্যোপাধ্যায়ও প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির অধ্যাপক ছিলেন। নির্মলাদির সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল আমার। আমায় খুব স্নেহ করতেন। অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল।"