দমদম জংশনে আরপিএফ
শেষ আপডেট: 23 November 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা ঠেকাতে মাথা খারাপ হওয়ার জোগাড় রেলের। রেলওয়ে আইনের একাধিক ধারা মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও এই প্রবণতায় কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। এবার লেডিস কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার প্রয়োজনীয়তা ঠিক কতখানি তা বোঝাতেই বিশেষ উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের।
শনিবার সকালে দমদম জংশন স্টেশনে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকরা। মহিলা যাত্রীদের কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার গুরুত্ব বোঝাতে এবং সমস্যার সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করাই শিবিরের প্রধান উদ্দেশ্য।
সকালে দমদম স্টেশনের একাধিক ট্রেনে রেল পুলিশের কর্মীরা উঠে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা জানার পাশাপাশি পুরুষ যাত্রীদের প্রবেশ আটকাতে মহিলা যাত্রীদের জানানো হয় কোনও সমস্যায় পড়লে তাঁরা যেন আগে রেলওয়ে হেল্পলাইন ১৩৯-এ কল করে অভিযোগ জানান। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, লেডিস কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সবসময় প্রস্তুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট।
গত এক মাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোলে অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এছাড়া পুরুষ যাত্রীদের প্রবেশ আটকাতে রেলের তরফে অভিযোগ জানানোর জন্য চালু হয়েছে টোল ফ্রি নম্বরও। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না মানুষের। মহিলা যাত্রীদের স্বার্থ ও সুরক্ষার বিষয় ভেবেই ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা করেছে রেল। তবে দেখা যাচ্ছে, কিছু পুরুষ যাত্রী লেডিস কামরায় এখনও যাতায়াত করেন, যা মহিলা যাত্রীদের কাছে সুরক্ষা ও নিরাপত্তা বিরোধী।