
সঞ্জয় রায় ও নির্ভয়ার বাবা
শেষ আপডেট: 20 January 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: সকলেই ভেবেছিলেন আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে। গোটা দেশ তাকিয়েছিল আজকের সাজা ঘোষণার দিকে। খবরে নজর রেখেছিলেন নির্ভয়ার বাবাও। কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তাঁর নির্দেশে জানিয়েছেন, এই ঘটনা বিরলতম নয় তাই সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। যা শুনে যারপরনাই অসন্তুষ্ট হয়েছেন তিনি।
সিবিআই প্রথম থেকেই অভিষুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির আবেদন করেছিল। চার্জশিটেও তাঁকে একা দোষী হিসেবে দাবি করেছিল। সেই প্রেক্ষিতেই শনিবার শিয়ালদহ আদালতের বিচারপতি সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন।
সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি বিচারক অনির্বান দাস জানিয়েছেন, তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
এ প্রসঙ্গে নির্ভয়ার বাবা অবশ্য মনে করছেন, সঞ্জয়ের ফাঁসি হওয়াই উচিত ছিল। সঙ্গে এও জানান, বিচারকের উচিত গাইড লাইন লেখা যে, বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞা কী, ঠিক কী ঘটলে বিরলতম বলা হয়! মোট কথা এই রায়ে একেবারেই খুশি হতে পারছেন না তিনি। মনে করছেন যা হল, তা দেশের জন্য ভাল হল না।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পরে এক তরুণীর উপরে নৃশংস অত্যাচার ও তাঁর সঙ্গীকে বেধড়ক মারধরের পরে ফেলে পালিয়ে যায় ৬ দুষ্কৃতী। ২৯ ডিসেম্বর তরুণীর মৃত্যু হয়। সেই নির্যাতিতাই হয়ে ওঠেন 'নির্ভয়া। ঘটনায় জড়িত ৪ দুষ্কৃতীর ফাঁসির সাজা হয়েছিল।