
নিউটাউনের খাল থেকে যুবকের দেহ উদ্ধার
শেষ আপডেট: 26 October 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে নিউ টাউনের গৌরাঙ্গ নগর এলাকার বাগজোলা খাল থেকে যুবকের দেহ উদ্ধার হয় বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, সকালে বাগজোলা খালে দেহ ভাসতে দেখা যায়। তারপরই দেরি না করে নিউ টাউন থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর।
পুলিশ জানতে পেরেছে, নিউটাউনের জ্যোতি নগর এলাকার বাসিন্দা ওই যুবকের নাম সুরজ। কিন্তু কীভাবে তাঁর দেহ সেখানে এল? কেউ বা কারা যুবককে খুন করে খালে ফেলে দিয়ে পালিয়ে কী না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডের বাসিন্দা সৌরভ গুপ্ত নামে এক যুবকের।
পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ভবানীপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধের মুখে জাস্টিস দ্বারকানাথ রোডের এক কোমর জল পেরিয়ে এগোচ্ছিলেন যুবক। রাস্তার পাশের একটি পাঁচিলে হাত রাখেন তিনি। কোনওভাবে ওই পাঁচিল আগে থেকে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
শুক্রবার সন্ধের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে শনিবার সকালে খালে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় অশান্ত হয়ে উঠল নিউটাউন।