
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 09:47
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাতসকালে নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ১ টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে টোটো চালককে। তবে এখনও ধোঁয়াশায় পুলিশ। এদিকে রহস্যজনকভাবে উধাও এক প্রতিবেশী পরিবার।
গতকাল লোহা ব্রিজের কাছে ১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষবারের মতো জগৎপুরে দেখা গিয়েছিল ১৪ বছরের নাবালিকাকে। সেখান থেকে লোহা ব্রিজ, যেখানে তাঁর নিথর দেহ পাওয়া গিয়েছে, দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। কীভাবে পৌঁছাল সে? একাই কি এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছিল, নাকি কারও সঙ্গে ছিল?
পরিবারের দাবি, এর আগেও মায়ের বকাবকিতে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই অষ্টম শ্রেণির ছাত্রী। সেবার পাশের প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল তাঁকে। কিন্তু এবার ছবিটা একেবারে আলাদা। কিশোরীর দেহ উদ্ধারের পর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে সেই প্রতিবেশী পরিবার, যা তদন্তে নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে।