
শেষ আপডেট: 30 March 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো নিয়ে ফের জটিলতা। পুলিশের অনুমতি না মেলায় বেলেঘাটা মেট্রো স্টেশনের কাজ থমকে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে এমনই অভিযোগ এসেছে। পাল্টা মেট্রোর অভিযোগ একতরফা বলে জানিয়েছে লালবাজার।
শনিবার একটি বিবৃতি জারি করে মেট্রোর তরফে জানানো হয়েছে, বেলেঘাটা মেট্রো স্টেশনের কাজের জন্য ইএম বাইপাসে রাস্তা বন্ধ রাখার অর্থাৎ যান নিয়ন্ত্রণের জন্য পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু একাধিকবার এ ব্যাপারে জানিয়েও কোনও সদুত্তর মেলেনি।
এদিকে মেট্রোর অভিযোগ মানতে নারাজ কলকাতা পুলিশ। উল্টে, কবে কোথায় মেট্রোর কাজের জন্য পুলিশ যান নিয়ন্ত্রণ করেছে, তার হিসাব দিয়েছে লালবাজার। পুলিশের তরফে জানানো হয়েছে, চিংড়িহাটাতে একটি ব্লকেজ দেওয়া হয়েছে। আবার অন্য একটি জায়গায় স্তম্ভের জন্য সময় চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে একাধিক জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। তাই আগে একটি জায়গায় ব্লকেজ নিয়ে কাজ শেষ করার পরই, তারপর অন্য জায়গায় ব্লকেজ নেওয়ার কথা জানিয়েছে লালবাজার।
পুলিশের তরফে আরও অভিযোগ করা হয়েছে, বহুক্ষেত্রে যে সময়ের জন্য ব্লকেজ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ তা নির্দিষ্ট সময়ে পূরণ করা হচ্ছে না। অভিযোগ, ইএম বাইপাসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু ১৫০ দিন অতিরিক্ত সময় কেটে গিয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় যে অতিরিক্ত সময় লাগবে, পুলিশকে সেবিষয়ে কিছু জানানোও হয়নি। এমনকী কলকাতা পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও মেট্রো কর্তৃপক্ষ তাতে অংশ নেয়নি বলে অভিযোগ উঠেছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, তারা সব রকম সহযোগিতা করছে।
শুক্রবার ওই মেট্রোর আনুষ্ঠানিক পরিদর্শন করেন মেট্রো সার্কলের ভারপ্রাপ্ত চিফ সেফটি কমিশনার জনককুমার গর্গ। এরপরই শনিবার সকালে রেলের তরফে অভিযোগ করা হয় , বেলেঘাটা স্টেশনের পর ৯০ মিটার লাইন সম্প্রসারণের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণের প্রয়োজন। মেট্রোর দাবি, ৯০ মিটার সম্প্রসারণ করতেই ই এম বাইপাসে যে ট্রাফিক ব্লকের প্রয়োজন তা নিয়ে একাধিকবার রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে মেট্রোর। কিন্তু কোনও সুরাহা হয়নি। বিকেল গড়াতে মেট্রোর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলল কলকাতা পুলিশ। সবমিলিয়ে মেট্রো-রাজ্য সংঘাতে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ কি আদৌ শেষ হবে, প্রশ্ন শহরবাসীর।