
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 20 March 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: কারা ওবিসি (OBC Certificate) তা নতুন করে যাচাই করতে চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) তিন মাস সময় চেয়েছে রাজ্য (West Bengal)। সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানিয়ছিলেন, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। সেই মতো রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত।
কিন্তু ঘটনা হল, এবার নতুন করে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আবেদন জানানো হল। এই মর্মে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়।
বিক্রমের বক্তব্য, হাইকোর্টের নির্দেশে প্রায় ১০ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। হাইকোর্টের সেই রায় কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছে রাজ্য সরকার। সেই মামলায় হাইকোর্টের রায়ের উপর কোনও স্থগিতাদেশ নেই। তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে সার্ভে করার জন্য নোটিস ইস্যু করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত শুনানির আর্জি জানান ওই আইনজীবী।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে বলেও জানান প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত ২২ মে ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।
গত বছর ৫ অগস্ট ওবিসি মামলাটি প্রথম বার ওঠে সুপ্রিম কোর্টে। কোন পদ্ধতি মেনে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সব পক্ষকে নোটিস জারি করে আদালত। তবে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
যে কারণে হাইকোর্টের নির্দেশ মেনে কোথাও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না উপভোক্তারা।