
বিনীত গোয়েল
শেষ আপডেট: 31 August 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এখন শহরজুড়ে লাগাতার আন্দোলন চলছে। প্রতিদিনই কোনও না কোনও জায়গায় অবস্থান বিক্ষোভ হচ্ছে, মিছিল বেরোচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পুলিশের সন্দেহ অনেকেই অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করে নানা ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। তাই আগামী ৬ মাসের জন্য একাধিক জিনিস নিয়ে শহরে ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ।
এমনিতেই প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠির মতো জিনিস নিয়ে ঘোরা নিষেধ। এরপরও অস্ত্র নিয়ে কড়াকড়ি করল কলকাতা পুলিশ। শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অর্থাৎ ৬ মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনার বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন চলছে সেখানে অনেকবারই নানা ধরনের বিরূপ ঘটনা ঘটেছে। গত ১৪ অগস্ট রাত দখলের কর্মসূচির দিন আরজি করে ভাঙচুর হয়েছে। সম্প্রতি নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে ইট, পাথর মারার অভিযোগ উঠেছে। তাতে জখমও হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এই পরিস্থিতির মধ্যেই এমন এক নির্দেশিকা জারি করল পুলিশ। স্পষ্ট বলা হয়েছে, কোথাও কোনও রকম অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরা যাবে না।
এমনিতেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা বেআইনি। কোনও সময়ের জন্যই কেউ এমনটা করতে পারেন না। করলে শাস্তি হবেই। তাই আচমকা এমন এক নির্দেশিকা কলকাতা পুলিশের তরফে কেন দেওয়া হল তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। যদিও কারও মতে, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে আর কোনওভাবে না ঘটে তা পূর্ণ চেষ্টা করছে পুলিশ। তাই আলাদা করে এই নির্দেশিকা।